
নওগাঁর মান্দা উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র ও অসহায় নারী এবং শিক্ষার্থীদের শিক্ষা ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করতে বাইসাইকেল, শিক্ষাবৃত্তির অর্থ, সেলাই মেশিন ও মৎস্য চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ কর্মসূচির আওতায় এসব সহায়তা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। তিনি উপকারভোগীদের হাতে বিভিন্ন সহায়তা তুলে দেন এবং শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়। এছাড়া ১৭ জন ছাত্রীকে বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল এবং ১১ জন অসহায় নারীর হাতে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা চত্বরে ২০২৫-২৬ অর্থবছরের ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন মৎস্যচাষীর মাঝে প্রদর্শনী খামার স্থাপনের জন্য প্রয়োজনীয় মৎস্য উপকরণ বিতরণ করা হয়।
এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মণ্ডল, উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন আরও শক্তিশালী হবে।