April 23, 2026, 10:55 pm
শিরোনাম :
ধামইরহাটে পুলিশের অভিযানে ৬৫০০ লিটার চোলাই মদ উদ্ধার ও ধ্বংস কালিগঞ্জের ডিআরএম কলেজের অধ্যক্ষ আবুল বাশার বরখাস্ত শান্তিগঞ্জে জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন, সপ্তাহজুড়ে সচেতনতা কর্মসূচি তীব্র গরমে অভিভাবকদের পাশে দাঁড়ালেন ভাইস চেয়ারম্যান প্রার্থী শাহীন মাহমুদ ডাক্তার হওয়ার স্বপ্নে এগিয়ে চলা তাপস্বীর পাশে জেলা পরিষদ বাগমারায় ৭ মাসের শিশুকে নিয়ে নিখোঁজ গৃহবধূ, উৎকণ্ঠায় পরিবার শিবগঞ্জে টানা চুরির ঘটনায় আতঙ্ক, চার দিনে ১৩ বাড়িতে সিঁধ কাটা মান্দায় জমি বিরোধে সাত বিঘার বোরো ধান কেটে নেওয়ার অভিযোগ ব্যবসা নিয়ে সংঘর্ষ মামলায় এনায়েতনগর যুবদলের তিন নেতা জামিনে মুক্তির পথে সিংগাইরে নারীর মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনে ময়নাতদন্তের অপেক্ষায় পুলিশ

দস্যু আতঙ্কে সুন্দরবনের জেলেরা, যৌথ অভিযানের ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবন ২০১৮ সালের ১ নভেম্বর সরকারিভাবে দস্যুমুক্ত ঘোষণা করা হলেও সাম্প্রতিক সময়ে উপকূলীয় অঞ্চলের জেলেদের মধ্যে আবারও দস্যু আতঙ্ক দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, বনদস্যুরা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে, ফলে অনেকেই জীবিকার তাগিদে বনে যেতে ভয় পাচ্ছেন।
বাংলাদেশ অংশের সুন্দরবনের আয়তন প্রায় ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। উপকূলীয় এলাকার হাজারো মানুষ সরাসরি ও পরোক্ষভাবে এ বনের ওপর নির্ভরশীল। মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহই তাদের প্রধান জীবিকা। কিন্তু বনদস্যুদের তৎপরতার কারণে জেলেদের অনেককে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ দিতে হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ। অধিকাংশ ক্ষেত্রে মহাজনের কাছ থেকে ধার নিয়ে বা ঋণ করে এই টাকা জোগাড় করতে হয়, যা তাদের আর্থিক দুরবস্থাকে আরও বাড়িয়ে দিচ্ছে।
এ পরিস্থিতিতে বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম সম্প্রতি সাংবাদিকদের জানান, সুন্দরবনকে পুনরায় দস্যুমুক্ত করতে শিগগিরই সমন্বিত যৌথ অভিযান শুরু করা হবে। বর্তমানে সক্রিয় পাঁচটি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে এবং তাদের ওপর বিশেষ নজরদারি চলছে।
তিনি বলেন, বন বিভাগ, র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী গঠন করে দ্রুত গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হবে। এ বিষয়ে খুলনায় সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।
প্রতিমন্ত্রী আরও জানান, সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বনজ সম্পদ লুটপাট এবং জেলে ও বনজীবীদের বাধাগ্রস্ত করার মতো অপরাধের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে।
স্থানীয় জেলেরা বলছেন, কার্যকর অভিযান ও নিরাপত্তা নিশ্চিত না হলে তাদের জীবিকা হুমকির মুখে পড়বে। সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত বাস্তব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।



ফেসবুক কর্নার