গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিশেষ অভিযানে ১৩৩ বোতল উইনসেরেক্স কফ সিরাপসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৬, ভাটিয়াপাড়া ক্যাম্প।
শনিবার (১৪ মার্চ) ভোররাতে উপজেলার মধুমতি সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে মো. রায়হান হোসেন (২৫), মোছা. ময়না (৬০) ও মোছা. মমতাজ বেগম (৫৮) নামে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ১৩৩ বোতল উইনসেরেক্স কফ সিরাপ উদ্ধার করে জব্দ করা হয়।
আটক রায়হান হোসেন সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভাদিয়ালী গ্রামের আব্দুল লতিফের ছেলে। মোছা. ময়না কলারোয়া উপজেলার দক্ষিণ সোনাবাড়িয়া গ্রামের মৃত নজিমুদ্দিন গাজীর মেয়ে ও মো. আলম সানার স্ত্রী। অপর আটক মোছা. মমতাজ বেগম একই গ্রামের মৃত জাহাবাজ সরদারের মেয়ে।
র্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কাশিয়ানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের থানায় হস্তান্তর করা হয়েছে