June 7, 2026, 2:13 pm
শিরোনাম :
চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ফসলি জমিতে বালু উত্তোলনের অভিযোগ, হরিণাকুন্ডুতে ক্ষোভ কৃষকদের দৌলতদিয়ায় পদ্মায় বাসডুবি: চালক, সুপারভাইজার ও হেলপার গ্রেপ্তার নোয়াখালীতে আজাদী মঞ্চের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা তুচ্ছ বিরোধে লক্ষ্মীপুরে মাদ্রাসা পরিচালকের ওপর হামলার অভিযোগ কুষ্টিয়ায় ডেঙ্গু প্রতিরোধে প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি

চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

ফারুক আহমেদ রকি নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোণার মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। হাসপাতালে ভর্তি হওয়ার প্রায় সোয়া দুই ঘণ্টার মাথায় দিলোয়ারা আক্তার (৭০) নামে এক বৃদ্ধা রোগীর মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও স্যালাইন না পাওয়ায় তার মৃত্যু হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দিলোয়ারা আক্তার উপজেলার নায়েকপুর ইউনিয়নের নোয়াগাঁও মাঝপাড়া গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোগীর অবস্থা খারাপ হওয়ায় স্বজনরা বারবার নার্সদের সহযোগিতা চাইলেও যথাসময়ে প্রয়োজনীয় সেবা পাননি বলে অভিযোগ করেন।
নিহতের ছেলে রনি মিয়া ও বোন শাহিনা আক্তার বলেন, রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার পরও চিকিৎসাসেবা পেতে বিলম্ব হয়েছে। তাদের দাবি, কর্তব্যরতদের অবহেলার কারণেই দিলোয়ারা আক্তারের মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্স ও চিকিৎসকরা। কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স বার্নার দাস, মার্জিয়া আক্তার ও হালিমা আক্তার জানান, চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী রোগীকে প্রয়োজনীয় ওষুধ, নেবুলাইজার ও স্যালাইন দেওয়া হয়েছিল। রোগীর শারীরিক অবস্থা শুরু থেকেই আশঙ্কাজনক ছিল।
কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নাসরিন সুলতানা প্রীতি বলেন, রোগীর চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি করা হয়নি। পরিস্থিতি অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরুল হুদা খান বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোণার সিভিল সার্জন ডা. গোলাম মাওলা বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে বিষয়টি খতিয়ে দেখা হবে এবং অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হবে।



ফেসবুক কর্নার