
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মাদ্রাসা ও এতিমখানার পরিচালকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ৪ নম্বর চর মার্টিন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত আব্দুর রব হুজুরের তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদ্রাসার ভবন ও আশপাশের এলাকা সুরক্ষার জন্য রাখা বালুভর্তি বস্তা স্থানীয় বাসিন্দা জামাল ও তার পরিবারের সদস্যরা সরিয়ে ফেলছিলেন। এ সময় মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাব উদ্দিন তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, হামলায় তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ঘটনার পর তাদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয়রা বলেন, একটি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির ওপর হামলার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম বলেন, “ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”