March 17, 2026, 4:53 pm
শিরোনাম :

ঈদ ঘিরে বেপরোয়া মোটরসাইকেল শোডাউন, আতঙ্কে জনজীবন

কে. এম. জাকির রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে সীমান্তঘেঁষা রৌমারী উপজেলায় কিশোর ও যুবকদের বেপরোয়া মোটরসাইকেল শোডাউন আশঙ্কাজনক হারে বেড়েছে। বিকেল থেকে গভীর রাত পর্যন্ত প্রধান সড়কগুলোতে উচ্চশব্দে হর্ন বাজিয়ে ও বিপজ্জনক গতিতে বাইক চালানোর কারণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, রৌমারী বাজারের প্রধান সড়ক, ডিসি সড়ক ও শাপলা চত্বর এলাকায় দলবদ্ধভাবে একাধিক মোটরসাইকেলে সওয়ার হয়ে তরুণরা শোডাউন দিচ্ছে। অনেকেই হেলমেট ছাড়া এবং ট্রাফিক আইন অমান্য করে দ্রুতগতিতে বাইক চালাচ্ছে। সাইলেন্সার পরিবর্তন করে বিকট শব্দ তৈরির ফলে শব্দদূষণও বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বাজারে আসা নারী, শিশু ও বৃদ্ধদের জন্য সড়ক পারাপার ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। হঠাৎ দ্রুতগতির মোটরসাইকেল চলে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা সবসময় বিরাজ করছে। বিশেষ করে ইফতারের পর থেকে রাত গভীর হওয়া পর্যন্ত এ পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।
অভিযোগ রয়েছে, এসব চালকের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই এবং তারা আইনশৃঙ্খলার তোয়াক্কা করছে না। সচেতন মহলের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘স্টান্ট’ প্রদর্শনের প্রবণতা এবং নজরকাড়া ভিডিও তৈরির আগ্রহ থেকেই এই বেপরোয়া আচরণ বাড়ছে।
স্থানীয়দের দাবি, ঈদকে সামনে রেখে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি, নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং চেকপোস্ট বসিয়ে লাইসেন্স ও হেলমেট যাচাই করা জরুরি।
একটি নিরাপদ ও স্বস্তির ঈদের প্রত্যাশায় রৌমারীবাসী এখন প্রশাসনের কার্যকর পদক্ষেপের অপেক্ষায় রয়েছে।



ফেসবুক কর্নার