March 19, 2026, 6:20 am

দৌলতপুরে আড়াই বছরের শিশুহত্যা, চাচি আটক

তানভীর আজাদ স্টাফ রিপোর্টার কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় আফিয়া নামে আড়াই বছরের এক শিশুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শিশুটির চাচি কল্পনা আক্তার (২০)কে আটক করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ দাড়ের পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আফিয়া ওই গ্রামের শাহিন সরদারের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় বাড়ির পাশের একটি মেহগনি বাগানে গলায় ওড়না পেঁচানো অবস্থায় শিশুটিকে ঝুলন্ত দেখতে পান এলাকাবাসী। পরে তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শিশুটির বাবা অভিযোগ করেন, এ ঘটনার সঙ্গে তার ছোট ভাইয়ের স্ত্রী কল্পনা আক্তার জড়িত। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে হেফাজতে নেয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, শিশুহত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার