May 8, 2026, 12:39 pm
শিরোনাম :

বনানীতে দুর্বৃত্তের গুলিতে আহত এক ব্যক্তি

অভয়নগর প্রতিবেদক

রাজধানীর বনানীতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মো. রফিকুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
আহত রফিকুল ইসলাম মিরপুর ডেন্টাল হাসপাতালের আউটসোর্সিং কর্মচারী। তার বাড়ি বরগুনা সদরের ঘরবাড়ীয়া গ্রামে। বর্তমানে তিনি মহাখালী আইপিএস এলাকায় বসবাস করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বনানী থানাধীন মহাখালী পুরাতন কাঁচাবাজার এলাকায় রাতের দিকে দুটি মোটরসাইকেলে করে ৫ থেকে ৬ জন অজ্ঞাত ব্যক্তি এসে রফিকুল ইসলামকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
রফিকুল ইসলামের বোন রাশেদা বেগম জানান, তার ভাইয়ের বাম পায়ের হাঁটুর নিচে গুলি লাগে। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। কারা এ হামলা চালিয়েছে সে বিষয়ে তারা নিশ্চিত নন।
নাম প্রকাশে অনিচ্ছুক রফিকুলের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানান, তিনি পুরাতন গাড়ির ব্যবসার সঙ্গেও যুক্ত ছিলেন। ব্যবসায়িক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় ওই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তার চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং হামলাকারীদের শনাক্তে কাজ চলছে।



ফেসবুক কর্নার