
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে ১৭ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করার অভিযোগ উঠেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বিরুদ্ধে।
রোববার সীমান্তের ২৩৭ নম্বর পিলার সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হলে টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও পরবর্তী কার্যক্রমের জন্য তাদের সীমান্তের চকচকি এলাকার নো-ম্যানস ল্যান্ডে রাখা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তাদের পরিচয় ও বাংলাদেশি নাগরিকত্ব যাচাইয়ের পাশাপাশি ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনাস্থলে ১৬ বিজিবির কমান্ডিং কর্মকর্তাসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি সীমান্তে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী সতর্ক অবস্থানে থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। দুই দেশের সীমান্ত কর্তৃপক্ষের মধ্যে আলোচনা সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সীমান্তে পুশইনের এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।