
ঢাকার ধামরাই সরকারি কলেজে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) থেকে আনা ‘বংশাই’ ও ‘তারুণ্য’ নামে দুটি বাস সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের দাবির পর বাসসেবা চালু হওয়ায় শিক্ষার্থীরা আনন্দিত হলেও, বাস দুটির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনের মেয়াদ অনেক আগেই শেষ হয়ে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় উদ্বেগ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) সূত্রে জানা যায়, ঢাকা মেট্রো-ব-১৫-৬২৩৬ নম্বর বাসটির ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হয়েছে ২০২৩ সালের ২৭ এপ্রিল এবং ঢাকা মেট্রো-ব-১৫-৬২৭৭ নম্বর বাসটির মেয়াদ শেষ হয়েছে ২০২৪ সালের ২৯ জানুয়ারি।
কলেজ সূত্রে জানা গেছে, পরিবহন কার্যক্রম পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হলেও বাস দুটির প্রয়োজনীয় কাগজপত্র যাচাই না করেই সেগুলো উদ্বোধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাজিব হাসান বলেন, “দেশজুড়ে ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। সেখানে একটি সরকারি কলেজ কীভাবে মেয়াদোত্তীর্ণ কাগজপত্রের বাস শিক্ষার্থীদের জন্য চালু করল, তা প্রশ্নের জন্ম দিয়েছে।”
শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন অচল থাকা বাস দুটি সংস্কার ও রং করে চলাচলের উপযোগী হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে কাগজপত্র হালনাগাদ না থাকায় তারা নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
এ বিষয়ে পরিবহন কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শফিউল্লাহ বলেন, বাস দুটির ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ শেষ হওয়ার বিষয়টি তার জানা ছিল না।
ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইফতেখার আলী বলেন, “বিআরটিসি একটি সরকারি প্রতিষ্ঠান হওয়ায় আমরা এমন পরিস্থিতি আশা করিনি। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে শিক্ষার্থীরা দ্রুত বাসগুলোর ফিটনেস ও অন্যান্য কাগজপত্র হালনাগাদ করে নিরাপদ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।