
মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে একটি এস্কেভেটর (খননযন্ত্র) অকার্যকর করা হয়েছে এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে রাত ৩টা পর্যন্ত উপজেলার চারিগ্রাম ও চান্দহর ইউনিয়নের বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র খননযন্ত্র ব্যবহার করে কৃষিজমির উর্বর মাটি কেটে বিভিন্ন ইটভাটা ও স্থানে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিনের নেতৃত্বে সিংগাইর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নবাবগঞ্জ উপজেলার দুধঘাটা এলাকার বাবুল মোল্লার ছেলে পারভেজ মোল্লা (৩০)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি এস্কেভেটর অকার্যকর করা হয় এবং মাটি পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাবেল উদ্দিন বলেন, “কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কাটা দেশের কৃষি উৎপাদন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।”
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ মাটি কাটা বন্ধে নিয়মিত অভিযান ও কঠোর আইন প্রয়োগের দাবি জানিয়েছেন।