
রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের একটি ফ্ল্যাট থেকে ডা. ফারাহ ফেরদৌস (৩২) নামে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ভবনের ১৪ তলার নিজ ফ্ল্যাট থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ডা. ফারাহ ফেরদৌস ৩৯তম বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগের ফেজ-বি রেসিডেন্ট প্রশিক্ষণার্থী হিসেবে কর্মরত ছিলেন। ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।
শাহবাগ থানা সূত্রে জানা গেছে, ডা. ফারাহ খুলনা জেলার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি অবিবাহিত ছিলেন এবং রাজধানীর ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ ঘটনায় শাহবাগ থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করছে।