
দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর অবশেষে নওগাঁ সদর হাসপাতালে পুনরায় চালু হচ্ছে চক্ষু চিকিৎসা সেবা। আগামীকাল (৩০ জুন) থেকে হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত এ সেবা পাওয়া যাবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চোখের বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা আগামীকাল সকাল থেকে বহির্বিভাগে এসে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
দীর্ঘদিন চক্ষু বিভাগে চিকিৎসাসেবা বন্ধ থাকায় জেলার সাধারণ ও নিম্নআয়ের রোগীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেকেই বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও হাসপাতালের শরণাপন্ন হয়েছেন, যেখানে চিকিৎসা ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় অতিরিক্ত আর্থিক চাপের মুখে পড়তে হয়েছে।
হাসপাতাল সংশ্লিষ্টরা জানান, চক্ষু সেবা পুনরায় চালু হওয়ায় এখন থেকে জেলার সাধারণ মানুষ সরকারি হাসপাতালেই স্বল্প খরচে প্রয়োজনীয় চিকিৎসা নিতে পারবেন। এতে রোগীদের ভোগান্তি কমার পাশাপাশি সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে।
হাসপাতাল কর্তৃপক্ষ চোখের সমস্যায় ভুগছেন এমন রোগীদের আগামীকাল থেকে নওগাঁ সদর হাসপাতালের বহির্বিভাগে এসে চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানিয়েছে।