July 25, 2026, 9:38 pm

মালয়েশিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে পঞ্চগড় চেম্বারের মতবিনিময়,

স্নিগ্ধা খন্দকার, স্টাফ রিপোর্টার | পঞ্চগড়

পঞ্চগড়ে শিল্পায়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করতে মালয়েশিয়ার ব্যবসায়ী ও বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) দুপুরে পঞ্চগড় সার্কিট হাউসের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন।
মালয়েশিয়ার বিনিয়োগকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মিস্টার সিম হোন ইয়াও। সভার শুরুতে প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসক প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চগড় চেম্বারের সভাপতি শরিফ হোসেন এবং স্থানীয় ব্যবসায়ীদের পরিচয় করিয়ে দেন।
মতবিনিময় সভায় পঞ্চগড়ের শিল্প ও বাণিজ্য সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। চেম্বার সভাপতি শরিফ হোসেন জেলার কৃষিভিত্তিক অর্থনীতি, সীমান্ত বাণিজ্য, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, পাথর, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, কোল্ড স্টোরেজ, প্যাকেজিং শিল্পসহ বিভিন্ন খাতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনার কথা তুলে ধরেন।
এ সময় চেম্বারের পরিচালক কামরুজ্জামান শাহানশাহ, আব্দুস সামাদ পুলক, হারুন অর রশিদসহ অন্যান্য ব্যবসায়ীরা জেলার শিল্পায়নের প্রতিবন্ধকতা ও সম্ভাবনাময় খাতগুলো সম্পর্কে মতামত তুলে ধরে অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তিগত সহায়তা এবং বিদেশি বিনিয়োগের মাধ্যমে নতুন শিল্পকারখানা স্থাপনের আহ্বান জানান।
আলোচনায় মালয়েশিয়ার প্রতিনিধি মিস্টার সিম হোন ইয়াও পঞ্চগড়ে নবায়নযোগ্য জ্বালানি খাতে, বিশেষ করে সোলার বিদ্যুৎ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। তিনি জানান, সম্ভাব্য প্রকল্পগুলো পরিদর্শন ও প্রয়োজনীয় তথ্য যাচাইয়ের পর এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাময় জেলা হিসেবে পঞ্চগড়ে দেশি-বিদেশি বিনিয়োগের যথেষ্ট সুযোগ রয়েছে। সরকার বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে। মালয়েশিয়ার বিনিয়োগকারীরা পঞ্চগড়ে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে এলে সরকার ও জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।
সভা শেষে উভয় পক্ষ ভবিষ্যতে সম্ভাব্য বিনিয়োগের ক্ষেত্রগুলো নিয়ে পারস্পরিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।



ফেসবুক কর্নার