October 7, 2026, 6:33 am

মল্লিকবাড়ী ইউপিতে ৫০ বছরের অপেক্ষার অবসান

বাহার মিয়া, ভালুকা উপজেলা প্রতিনিধি।

 

 

ময়মনসিংহের ভালুকা উপজেলার ৭ নম্বর মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের নিজস্ব কমপ্লেক্স ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ১৯৭৩ সালে প্রতিষ্ঠার পর প্রায় ৫০ বছর ধরে নিজস্ব জমি না থাকায় ভাড়া বা অস্থায়ী স্থানে কার্যক্রম পরিচালনা করে আসছিল পরিষদটি। অবশেষে পরিষদের জন্য নিজস্ব জমি ক্রয় করা হয়েছে। সম্প্রতি ক্রয়কৃত জমি পরিদর্শন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার ভারপ্রাপ্ত উপপরিচালক উম্মে হাবীবা মীরা।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান, ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় কর্মকর্তারা প্রস্তাবিত কমপ্লেক্স ভবনের স্থান, জমির কাগজপত্র, সীমানা ও যাতায়াত ব্যবস্থাসহ সার্বিক বিষয় পর্যালোচনা করেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুরুল হক পাঠান বলেন, “দীর্ঘ ৫০ বছর ধরে আমাদের নিজস্ব জমি ছিল না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরিষদের নিজস্ব জমি কেনা হয়েছে। আশা করছি দ্রুত ভবন নির্মাণের কাজ শুরু করতে পারব। এতে ইউনিয়নবাসীর সেবার মান আরও বৃদ্ধি পাবে।” ইউপি সূত্র জানায়, ক্রয়কৃত জমিতেই আধুনিক ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।



ফেসবুক কর্নার