গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে দিয়া বণিক (১৮) নামের এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় অভিযুক্ত শান্ত পালকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কালিয়াকৈর থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) আইনি প্রক্রিয়া শেষে শান্ত পালকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, রোববার (৪ অক্টোবর) সকালে দিয়া বাড়ি থেকে সফিপুরে শান্ত পালের কাছে যান। পরে তাকে আহমদনগর এলাকার একটি ভাড়া বাসায় নেওয়া হয়। পরিবারের অভিযোগ, সেখানে শারীরিক সম্পর্কের পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, ঘটনার দিন দুপুরে শান্ত পাল মুঠোফোনে দিয়ার মৃত্যুর বিষয়টি স্বজনদের জানান এবং রাতে মরদেহ ভালুকায় নিয়ে যান। সেখানে স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হলে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, দিয়া ভালুকা মডেল থানা এলাকার বাসিন্দা। শান্ত পাল (২৭) কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাচাইল পালপাড়া গ্রামের বাসিন্দা এবং কালিয়াকৈরের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।






গ্রীন মডেল টাউন, মুগদা থেকে প্রকাশিত