November 21, 2026, 6:22 am

ইসলামপুরে আগুনে পুড়ল তিনটি বসতঘর, ক্ষতি ১০ লাখ টাকা

রাশেদ মাহমুদ, ক্রাইম রিপোর্টার।

জামালপুরের ইসলামপুর উপজেলায় গভীর রাতে অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দগ্ধ হয়ে তিনটি ছাগলেরও মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের পূর্ব কান্দারচর গ্রামের আকন্দবাড়ির মোজাম্মেল হক বাছেদ ডাক্তারের বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে একে একে তিনটি ঘর গ্রাস করে। আগুনের তীব্রতায় ঘরগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়, পুড়ে যায় আসবাবপত্র, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও মূল্যবান মালামাল।
খবর পেয়ে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরগুলোর অধিকাংশ মালামাল পুড়ে যায় এবং গোয়ালসংলগ্ন তিনটি ছাগল মারা যায়। ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম অসহায় অবস্থায় পড়েছে এবং এলাকায় শোক ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, সঠিক হিসাব হলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।



ফেসবুক কর্নার