July 2, 2026, 1:42 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

লামার হারগাজায় অবৈধ বালু উত্তোলনের অভিযোগ: পরিবেশ ঝুঁকিতে, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

রাসেল লামা বান্দরবান

বান্দরবান জেলার লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন ও বাণিজ্যিক কার্যক্রম চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্রের নেতৃত্বে প্রকাশ্যে এ কার্যক্রম চললেও সংশ্লিষ্ট প্রশাসনের দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই।
এলাকাবাসীর অভিযোগ অনুযায়ী, হারগাজা এলাকার নদী ও খাল সংলগ্ন স্থান থেকে নিয়মিতভাবে বালু উত্তোলন করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য, তেল জামাল নামে এক ব্যক্তি এ কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন। প্রতিদিন ট্রাক ও ট্রাক্টরের মাধ্যমে বালু পরিবহন করা হচ্ছে, যার ফলে এলাকার গ্রামীণ সড়ক দ্রুত নষ্ট হয়ে পড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে। বর্ষা মৌসুমে পানির প্রবাহ বৃদ্ধি পেলে আশপাশের বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়তে পারে বলে তারা উদ্বেগ প্রকাশ করেন। পরিবেশ বিশেষজ্ঞদের মতে, অনুমোদন ছাড়া বালু উত্তোলন অব্যাহত থাকলে জীববৈচিত্র্য, কৃষি ও যোগাযোগ ব্যবস্থার ওপর দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়তে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “প্রকাশ্যেই বালু তোলা হচ্ছে। সবাই দেখছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে মনে হচ্ছে প্রভাবশালীদের কারণে প্রশাসন নীরব।”
এ বিষয়ে জানতে লামা উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি। তবে প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।
উল্লেখ্য, পরিবেশ সংরক্ষণ আইন ও বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অনুমোদন ছাড়া বালু উত্তোলন দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে প্রাকৃতিক সম্পদ ব্যবহারে কঠোর নজরদারি ও আইনের যথাযথ প্রয়োগ জরুরি।
এলাকাবাসী দ্রুত তদন্ত ও অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন।



ফেসবুক কর্নার