
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:
“আমিষেই শক্তি, আমিষেই মুক্তি”—এই প্রতিপাদ্য সামনে রেখে নওগাঁর আত্রাই উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ প্রদর্শনী সপ্তাহ–২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে এই আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।
প্রধান অতিথি মো. নূরে আলম সিদ্দিক তাঁর বক্তব্যে জানান, খামারিরা নিজ উদ্যোগে প্রদর্শনীতে অংশগ্রহণ করায় তাঁরা অভিনন্দনের দাবিদার। দেশের অর্থনীতিতে প্রাণিসম্পদ খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার এই খাতকে আধুনিক, টেকসই ও লাভজনক করে তুলতে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। উন্নত জাতের পশুপালন, মানসম্মত দুগ্ধ উৎপাদন এবং মাংস প্রক্রিয়াজাতকরণে আধুনিক প্রযুক্তি ও সরকারি সহায়তা নিশ্চিত করতে সরকার কাজ করছে।
তিনি আরও বলেন, “এই প্রদর্শনী শুধু প্রতিযোগিতা নয়, এটি খামারিদের জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এখানে অংশগ্রহণের মাধ্যমে আপনারা নতুন অভিজ্ঞতা ও ধারণা অর্জন করেছেন। আত্রাইয়ের প্রতিটি খামারি প্রাণিসম্পদ খাতকে একটি টেকসই শিল্প হিসেবে গড়ে তুলতে সক্ষম হবেন বলে আমি বিশ্বাস করি। উপজেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে।”
অনুষ্ঠানে স্থানীয় সফল খামারিরা তাঁদের প্রদর্শিত উন্নত জাতের গরু, ছাগল, হাঁস-মুরগি, পাখি ও বিভিন্ন দুগ্ধজাত পণ্যের জন্য পুরস্কৃত হন। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম নাসির উদ্দিন, পরিসংখ্যান কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী নির্বাচন কর্মকর্তা ইমরান হোসেন, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা পিএম কামরুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
সমাপনী বক্তব্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আবু আনাছ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে প্রাণিসম্পদ প্রদর্শনী আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।