June 30, 2026, 3:36 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

প্রশাসনের নাকের ডগায় দাপট: আলীকদমে ৩ অবৈধ ইটভাটায় আইন কেবল কাগজে-কলমে

রাসেল লামা বান্দরবান

 বান্দরবানের আলীকদম উপজেলায় প্রশাসনের চোখের সামনে দাপটের সঙ্গে চালু রয়েছে তিনটি অবৈধ ও অনুমোদনহীন ইটভাটা। পরিবেশ আইন উপেক্ষা করে পরিচালিত এসব ভাটার কার্যক্রম নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার পাহাড়ি এলাকা ও জনবসতি সংলগ্ন স্থানে UBM, FBM এবং ABM নামের তিনটি ইটভাটা কোনো বৈধ লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে চালু রয়েছে। উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও এসব ভাটায় পাহাড়ের কাঠ পোড়ানো এবং ফসলি জমি নষ্ট করার অভিযোগ রয়েছে।
সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে জরিমানা ও কিছু কাঠ জব্দ করা হলেও এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, অভিযান শেষ হওয়ার পরপরই আবারও পুরোদমে ইট তৈরির কাজ শুরু হয়। কিছু মালিক নিজেদের প্রভাবশালী মহলের আশ্রয়-প্রশ্রয়ের কথাও প্রকাশ্যে বলে থাকেন, যা প্রশাসনের ভূমিকা নিয়ে জনমনে সন্দেহ তৈরি করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, পাহাড় কাটা ও বন উজাড়ের মতো কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। তাদের মতে, জরিমানা দিয়েই দায় সারার প্রবণতা অব্যাহত রয়েছে।
পরিবেশবিদদের মতে, এসব অবৈধ ইটভাটা পাহাড়ি পরিবেশের জন্য মারাত্মক হুমকি। ঝিরি-ঝর্ণা শুকিয়ে যাওয়া, জীববৈচিত্র্যের ক্ষতি এবং বিষাক্ত ধোঁয়ার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
এ পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্ন, প্রশাসন কি কার্যকর পদক্ষেপ নিয়ে অবৈধ ইটভাটা বন্ধ করতে পারবে, নাকি প্রভাবশালী চক্রের কাছে নতি স্বীকার করবে—এটাই এখন দেখার বিষয়।



ফেসবুক কর্নার