June 30, 2026, 3:33 pm
শিরোনাম :
শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে ২৫ কেজি করে সরকারি চাল বিতরণ মানবতাবিরোধী অপরাধে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড গলায় বাদাম আটকে তিন বছরের শিশুর মৃত্যু কোটচাঁদপুরে গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগ, বাধা দেওয়ায় স্বামী আহত স্ত্রীর সহযোগিতায় ১৩ বছরের শিশুকে ধর্ষণ  নেত্রকোনায় চুরির অভিযোগে কিশোরের মাথা ন্যাড়া, অভিযুক্ত গ্রেফতার পঞ্চগড়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালকের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ ব্রহ্মপুত্র নৌপথে যাত্রীদের দুর্ভোগ চরমে, ওয়াশরুম ও নিরাপদ ছাউনির দাবি দুর্ঘটনায় দেরি হলেও থাকছে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ: আন্তঃশিক্ষা বোর্ড মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ

ওড়াকান্দি অভিমুখে ভক্তের ঢল: মহা-বারুনী স্নানে মুখর মতুয়া ধাম

অতনু বিশ্বাস

গোপালগঞ্জের কাশিয়ানীর ওড়াকান্দি ধাম পূর্ণব্রহ্ম শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৫তম শুভ আবির্ভাব উৎসব ও মহা-বারুনী স্নান উপলক্ষে লাখো ভক্তের সমাগমে মুখরিত হয়ে উঠেছে। ‘হরিবোল’ ধ্বনিতে প্রকম্পিত এই পুণ্যভূমিতে বিরাজ করছে উৎসবমুখর আধ্যাত্মিক পরিবেশ।
সোমবার ১৬ মার্চ সকাল থেকে পবিত্র ত্রয়োদশী তিথি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের ঢল নামে ওড়াকান্দিতে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত মতুয়া অনুসারীরা ডঙ্কা, কাঁসর ও লাল নিশান হাতে ভক্তিমূলক পরিবেশে অংশ নিচ্ছেন এই মহোৎসবে।
রাস্তাঘাট থেকে শুরু করে ধামের প্রতিটি অলিগলি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। ভক্তরা তাদের মানত ও আকাঙ্ক্ষা নিয়ে ছুটে যাচ্ছেন পবিত্র ‘কামনা সাগর’ ও ‘শান্তি সাগর’-এ। আধ্যাত্মিক বিশ্বাস নিয়ে এসব দিঘিতে অবগাহন করছেন হাজারো স্নানার্থী।
সোমবার সকাল ৮টা ২৮ মিনিট ৩৮ সেকেন্ডে মাহেন্দ্রক্ষণ শুরু হওয়ার পর থেকেই স্নানার্থীদের চাপ সামলাতে প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের হিমশিম খেতে হচ্ছে। এই পুণ্যলগ্ন চলবে মঙ্গলবার ১৭ মার্চ সকাল ৮টা ৩৭ মিনিট ৫৫ সেকেন্ড পর্যন্ত।
শ্রীশ্রী হরিচাঁদ ঠাকুরের ‘হাতে কাম, মুখে নাম’ দর্শনে উদ্বুদ্ধ হয়ে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এই মিলনমেলা সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। অস্পৃশ্যতা ও ভেদাভেদ ভুলে ভক্তরা এখানে একত্রিত হয়েছেন এক মহামিলনে।
এ উপলক্ষে ওড়াকান্দিতে বসেছে বিশাল গ্রাম্য মেলা, যা দুই সপ্তাহের বেশি সময় ধরে চলবে। মেলায় নানা পসরা ও ভক্তদের উপস্থিতিতে পুরো এলাকা এখন প্রাণচাঞ্চল্যে ভরপুর। শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ভক্তিগানে মুখর এই ধাম পরিণত হয়েছে এক অনন্য আধ্যাত্মিক কেন্দ্রস্থলে।



ফেসবুক কর্নার