
নওগাঁর মান্দা উপজেলার গণেশপুর ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামে অবৈধভাবে পুকুর খনন করে ইটভাটায় মাটি বিক্রির অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ ঘটনাস্থলে উপস্থিত হয়ে খনন কার্যক্রম বন্ধের কঠোর নির্দেশনা দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় পুকুর খননের নামে অবৈধভাবে মাটি কেটে ইটভাটায় বিক্রি করা হচ্ছিল। এতে আশপাশের কৃষিজমি, গ্রামীণ সড়ক এবং পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়। স্থানীয়দের অভিযোগের পর প্রশাসন দ্রুত অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুকুর মালিক ও ভেকু (খননযন্ত্র) মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে খনন কাজে ব্যবহৃত ব্যাটারি জব্দ করা হয়।
ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, পুকুর মালিককে দ্রুত তার সঙ্গে যোগাযোগ করতে হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাটি কাটা সম্পূর্ণ বন্ধ রাখতে হবে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।