May 19, 2026, 3:31 am
শিরোনাম :
জাফলংয়ে অভিযানে প্রায় ৭ হাজার ঘনফুট পাথর জব্দ কর্পোরেট দক্ষতা, মিডিয়া উপস্থিতি ও মানবিকতায় উজ্জ্বল এক অনন্য ব্যক্তিত্ব — আসিয়া বিনতে আমানত সুমি সুন্দরবনের কুখ্যাত ‘ছোট সুমন বাহিনী’র আত্মসমর্পণ, অস্ত্র-গুলিসহ আটক ৫ ব্রাহ্মণবাড়িয়ায় কলেজছাত্র সিয়ামের চোখ উপড়ে ফেলার চেষ্টা: ৮ অভিযুক্তের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১ কুলাউড়ায় সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ কর্মীর মৃত্যু, মামলা দায়ের দৌলতপুর উপজেলা পরিষদ ও ডাকবাংলো পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক ধামরাইয়ে অভিযান চালিয়ে অবৈধ তামাকজাত পণ্য ধ্বংস গভীর রাতে কুড়িগ্রাম সদর হাসপাতালের লিফটে আটকা রোগীর স্বজন, উদ্ধার ফায়ার সার্ভিসের কালীগঞ্জে আদম ব্যবসায়ীর প্রতারণার অভিযোগ, নিঃস্ব জাহাঙ্গীরের পরিবার ইট সলিং প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্ত দাবি এলাকাবাসীর

পারমাণবিক বিদ্যুতের যুগে বাংলাদেশ: রূপপুরে ইউরেনিয়াম লোডিং শুরু, আগস্টে গ্রিডে বিদ্যুৎ

অভয়নগর প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আনুষ্ঠানিকভাবে ইউরেনিয়াম জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৩টায় এ কার্যক্রমের উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নতুনভাবে যুক্ত হলো।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি।
রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত এই প্রকল্পের মূল কাজ শুরু হয় ২০১৭ সালের ৩০ নভেম্বর। দীর্ঘ প্রক্রিয়া শেষে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ কমিশনিং লাইসেন্স প্রদান করে। এর আগে ৭ এপ্রিল নির্ধারিত উদ্বোধন কারিগরি কারণে স্থগিত করা হয়েছিল।
প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে নির্মিত এ প্রকল্পে মোট অর্থের ৯০ শতাংশ রাশিয়া ঋণ হিসেবে প্রদান করেছে। এটি দেশের ইতিহাসে একক প্রকল্পে সর্বোচ্চ বিনিয়োগ।
বিশেষজ্ঞরা জানান, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়ন্ত্রিত বিভাজন প্রক্রিয়ায় ইউরেনিয়াম থেকে তাপ উৎপন্ন করে বাষ্প তৈরি করা হয়, যা টার্বিন ঘুরিয়ে বিদ্যুৎ উৎপাদন করে। পুরো প্রক্রিয়া কঠোর নিরাপত্তা ব্যবস্থার আওতায় পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে। পর্যায়ক্রমে উৎপাদন বাড়িয়ে ২০২৭ সালের জানুয়ারির মধ্যে পূর্ণ সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রের দুটি ইউনিট মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট।
বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান জানান, কমিশনিং ধাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর পরীক্ষার মধ্য দিয়ে সম্পন্ন করতে হবে, যা সম্পূর্ণ হতে প্রায় ১০ থেকে ১১ মাস সময় লাগতে পারে।
বিশেষজ্ঞরা আরও বলেন, উৎপাদিত বিদ্যুৎ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতে সঞ্চালন লাইন ও গ্রিড সক্ষমতা নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। তবে রূপপুর প্রকল্প চালু হলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।



ফেসবুক কর্নার