
ঠাকুরগাঁও সদর উপজেলার নবগঠিত ভূল্লী উপজেলার ২নং বালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা শ্রী নিপেন চন্দ্র রায়ের বসতঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যাওয়ার পর মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উদারতা ফাউন্ডেশন।
অগ্নিকাণ্ডে ঘরবাড়ির পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল পুড়ে যাওয়ায় পরিবারটি চরম বিপর্যয়ের মুখে পড়ে এবং মানবেতর জীবনযাপন শুরু করে। এমন পরিস্থিতিতে পরিবারটির পুনর্বাসনের জন্য ঘর নির্মাণে প্রয়োজনীয় টিন ও পিলার প্রদান করেছে উদারতা ফাউন্ডেশন।
সম্প্রতি সংগঠনটির প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারের বাড়িতে গিয়ে এসব নির্মাণসামগ্রী হস্তান্তর করেন। এ সময় তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত পুনর্বাসনে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
উদারতা ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বলেন, একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে একটি পরিবারের দীর্ঘদিনের অর্জন ধ্বংস করে দিতে পারে। মানবিক দায়বদ্ধতা থেকে অসহায় ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা জানান।
সহায়তা পেয়ে আবেগাপ্লুত শ্রী নিপেন চন্দ্র রায়ের পরিবারের সদস্যরা বলেন, আগুনে সবকিছু হারিয়ে তারা দিশেহারা হয়ে পড়েছিলেন। মাথা গোঁজার ঠাঁই পুনর্নির্মাণের চিন্তায় যখন অনিশ্চয়তায় ছিলেন, তখন উদারতা ফাউন্ডেশনের দেওয়া সহায়তা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখিয়েছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উদারতা ফাউন্ডেশনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, সমাজের বিত্তবান ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠন এভাবে এগিয়ে এলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।