সাতক্ষীরার কালিগঞ্জ থানার পুরাতন ভবন ভাঙার কাজ চলাকালে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়ে ২ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
শনিবার (১২ জুলাই ) বেলা দেড়টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, পুরাতন থানা ভবন ভাঙার কাজের সময় শ্রমিকরা ভবনের ফ্লোরের নিচের মাটি কাটছিলেন। এ সময় শ্রমিক উপজেলার বাজার গ্রামের মৃত আঃ গফফার মোড়লের ছেলে রফিকুল ইসলাম (৪২) কোদাল দিয়ে মাটিতে আঘাত করলে সেখানে পূর্ব থেকে মাটির নিচে থাকা একটি পরিত্যক্ত ককটেল বিস্ফোরিত হয়। বিস্ফোরণে রফিকুল ইসলামের দু,হাতসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এ সময় পাশে থাকা অপর শ্রমিক বাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে কামরুল হাসান (৩০) তার ডান পায়ে আঘাত পান। স্থানীয়দের সহায়তায় আহত দুই শ্রমিককে দ্রুত উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ককটেলটি দীর্ঘদিন ধরে ভবনের ফ্লোরের নিচে পরিত্যক্ত অবস্থায় ছিল। বিষয়টি নিয়ে থানা পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।