August 4, 2026, 12:05 pm

চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আনোয়ার হোসোইন

আগামী ৯ আগস্ট (রোববার) চট্টগ্রামের ফটিকছড়ি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সফরকে ঘিরে ফটিকছড়িজুড়ে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিকেলে ফটিকছড়ির ফেলাগাজী দিঘি এলাকার সিএমবি মাঠে প্রধানমন্ত্রীর জন্য নির্মাণাধীন হেলিপ্যাড পরিদর্শন করেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

পরিদর্শন শেষে তিনি বলেন, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফটিকছড়ি সফরের যে প্রত্যাশা ছিল, তা বাস্তবে রূপ নিতে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ৯ আগস্ট প্রধানমন্ত্রী ফটিকছড়িতে এসে স্থানীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীরা ধারাবাহিকভাবে প্রস্তুতি সভা করছেন। পাশাপাশি সাধারণ মানুষও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাকে বরণ করে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রধানমন্ত্রীর ঘোষিত ৩১ দফার আলোকে ফটিকছড়িসহ চট্টগ্রাম-২ এলাকাকে একটি উন্নত ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।

এদিকে, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন বাবুনগরে অবস্থিত আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম মাদরাসার মুহাদ্দিস ড. মাওলানা হারুন আজিজী। তিনি জানান, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে মঙ্গলবার (৪ আগস্ট) মাদরাসায় একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে বরণ এবং সফরসংক্রান্ত সার্বিক কর্মসূচি চূড়ান্ত করা হবে



ফেসবুক কর্নার