August 4, 2026, 12:05 pm

সমন্বয়হীনতায় ঝালকাঠিতে ৪ শতাধিক উন্নয়ন প্রকল্প ঝুলে আছে

সাব্বির আহমেদ নলছিটি পিরোজপুর প্রতিনিধি

ঝালকাঠি জেলা পরিষদের আওতাধীন চার উপজেলার ৪ শতাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন অনিশ্চয়তার মুখে পড়েছে। স্থানীয় দুই সংসদ সদস্য ও জেলা পরিষদের প্রশাসকের মধ্যে সমন্বয়ের অভাবের কারণে প্রায় ৭ কোটি ৫০ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের এসব প্রকল্পের অনুমোদন আপাতত স্থগিত রেখেছে স্থানীয় সরকার বিভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের তালিকা অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠান। তবে প্রকল্প গ্রহণের আগে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা ও সমন্বয় করা হয়নি বলে অভিযোগ করেন ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগে পাঠানো এক যৌথ চিঠিতে দুই সংসদ সদস্য উল্লেখ করেন, জেলা পরিষদ আইন অনুযায়ী উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে স্থানীয় সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ ও সমন্বয়ের বিধান রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করেই প্রকল্প তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে তারা অভিযোগ করেন। একই সঙ্গে সমন্বয় ছাড়া গৃহীত প্রকল্পগুলোর কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানান।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন বলেন, প্রকল্প তালিকায় সংসদ সদস্যদের সুপারিশ করা বেশ কয়েকটি প্রকল্পও অন্তর্ভুক্ত রয়েছে। এরপরও তারা কেন আপত্তি জানিয়েছেন, সেটি তাদের বিষয়।
দুই সংসদ সদস্যের ডিও (ডেমি-অফিশিয়াল) চিঠির পর স্থানীয় সরকার বিভাগ জেলা পরিষদ প্রশাসককে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা ও সমন্বয় করে উন্নয়ন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেয়। তবে সংশ্লিষ্ট সূত্রের দাবি, ওই নির্দেশনার পরও এখন পর্যন্ত কোনো সমন্বয় সভা অনুষ্ঠিত হয়নি।
সংশ্লিষ্টদের মতে, দ্রুত সমন্বয়ের মাধ্যমে জটিলতার সমাধান না হলে জেলার গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জনকল্যাণমূলক উন্নয়নকাজ আরও বিলম্বিত হতে পারে। তাই জনস্বার্থে সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে দ্রুত সমন্বয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন স্থানীয়রা।



ফেসবুক কর্নার