August 4, 2026, 12:05 pm

অসহায়’ পরিচয়ে আদালতের সরকারি জায়গা বরাদ্দ নেওয়ার অভিযোগ কোটিপতি ব্যবসায়ীর বিরুদ্ধে

সেলিম ব্যুরো প্রধান ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ‘চরম দরিদ্র ও অসহায়’ পরিচয়ে আদালত চত্বরের একটি মূল্যবান সরকারি জায়গা বরাদ্দ নেওয়ার অভিযোগ উঠেছে অজিত সূত্রধর নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় সচেতন মহল ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, অজিত সূত্রধর এলাকায় কাঠের কারখানা, শোরুম এবং একাধিক পাকা বাড়ির মালিক। তাদের ভাষ্য অনুযায়ী, তার সম্পদের পরিমাণ কয়েক কোটি টাকার বেশি। এ অবস্থায় কীভাবে তিনি নিজেকে ‘চরম অসহায়’ হিসেবে উপস্থাপন করে সরকারি জায়গা বরাদ্দ পেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, নবীনগর পৌরসভার আলমনগর এলাকার বাসিন্দা অজিত সূত্রধর জীবিকা নির্বাহের জন্য একটি অস্থায়ী দোকান বরাদ্দ চেয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ বরাবর আবেদন করেন। আবেদনে তিনি নিজেকে চরম অর্থকষ্টে জর্জরিত ও অসহায় হিসেবে উল্লেখ করেন।
এর পরিপ্রেক্ষিতে গত ২৮ জুন জেলা জজ কার্যালয়ের নেজারত শাখা থেকে বার্ষিক ৬ হাজার টাকা সেলামিতে নবীনগর সিনিয়র সিভিল জজ আদালত চত্বরে প্রায় ১২×১০ ফুট আয়তনের একটি খালি জায়গা তাকে বরাদ্দ দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, বরাদ্দ দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার প্রকৃত আর্থিক অবস্থা যাচাই করেছে কি না, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। স্থানীয়দের মতে, প্রকৃত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য নির্ধারিত সরকারি সুবিধা যদি প্রভাবশালী ও বিত্তশালীরা ভোগ করেন, তবে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হবেন।
এ ঘটনায় স্থানীয় নাগরিক সমাজ ও সচেতন মহল নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের দাবি, অজিত সূত্রধরের আর্থিক সক্ষমতা ও সম্পদের প্রকৃত তথ্য যাচাই করে অভিযোগের সত্যতা মিললে বরাদ্দ বাতিলসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক।



ফেসবুক কর্নার