
খুলনায় চার সাংবাদিকের ওপর গুলিবর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসানের কাছে স্মারকলিপি দিয়েছে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা।
রোববার (১৯ জুলাই) বিকেলে কেএমপি কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হলে তিনি তা গ্রহণ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার শাহনেওয়াজ ও সহকারী পুলিশ কমিশনার (সিটিএসবি) ত. ম. রোকনুজ্জামান উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত ও গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং খুলনা মহানগরীর সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ।
স্মারকলিপি প্রদানকালে বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, এমইউজে খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, কোষাধ্যক্ষ রকিবুল ইসলাম মতি, সাবেক সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ১৪ জুলাই রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে শান্তিধাম মোড়ে একটি চায়ের দোকানে বসে থাকা কয়েকজন সাংবাদিককে লক্ষ্য করে মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তরা গুলিবর্ষণ করে। গুলিতে এসএ টিভির খুলনা ব্যুরো প্রধান রকিবুল ইসলাম মতির টুলে আঘাত লাগে এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের খুলনা ব্যুরো প্রধান আওয়াল শেখের বুকের ডান পাশে গুলি ছুঁয়ে গেলে তিনি আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
স্মারকলিপিতে খুলনায় অতীতে সংঘটিত সাংবাদিক হত্যাকাণ্ডগুলোরও বিচার দাবি জানানো হয়। নেতারা বলেন, অতীতের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার না হওয়ায় সন্ত্রাসীরা এমন হামলার সাহস পাচ্ছে। তারা দাবি করেন, সাম্প্রতিক হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকলিপিতে আরও বলা হয়, সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতার জন্য গুরুতর হুমকি। তাই মুক্ত সাংবাদিকতা রক্ষায় হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার পাশাপাশি খুলনায় কর্মরত সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।