
নোয়াখালীর সদর ও চাটখিল উপজেলায় পৃথক অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) সদস্যরা গাঁজা গাছ, ইয়াবা, লুজ গাঁজা এবং পিস্তল সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর একজন পলাতক রয়েছে।
রোববার (১৯ জুলাই) সকাল ও সন্ধ্যায় পৃথক সময়ে সদর উপজেলার সুধারাম মডেল থানা এলাকা এবং চাটখিল উপজেলার সাহাপুর এলাকায় অভিযান চালানো হয়।
ডিএনসি নোয়াখালী কার্যালয় সূত্রে জানা যায়, সদর উপজেলার নোয়াখালী পৌরসভার মধ্যম করিমপুর দত্তের হাট গরুর বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে মো. বাঁধন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ভাড়াকৃত বসতঘর সংলগ্ন জমি থেকে ৭ ফুট ৮ ইঞ্চি উচ্চতার একটি চাষকৃত গাঁজা গাছ (ওজন ১ কেজি) উদ্ধার করা হয়।
অপরদিকে, চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের কাজী বাড়িতে অভিযান চালিয়ে হেলাল হোসেন (২৮) নামে এক ব্যক্তির বসতঘর থেকে ৬১০ পিস ইয়াবা, ৪০০ গ্রাম লুজ গাঁজা এবং চীনে তৈরি CZ83, CAL.7.65 BROWNING লেখা একটি স্টিলের তৈরি পিস্তল সদৃশ বস্তু ও একটি বুলেট সদৃশ বস্তু উদ্ধার করা হয়। অভিযানের সময় হেলাল হোসেন পালিয়ে যান।
গ্রেপ্তার মো. বাঁধন নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম করিমপুর এলাকার বাসিন্দা। পলাতক হেলাল হোসেন চাটখিল উপজেলার সাহাপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সুধারাম মডেল থানা ও চাটখিল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। মামলাগুলোর বাদী হয়েছেন ডিএনসি নোয়াখালীর পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম।
ডিএনসি নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ বিষয়টি নিশ্চিত করেছেন।