
প্রতিবন্ধকতা ও আর্থিক সংকট—দুটি বড় চ্যালেঞ্জকে সঙ্গী করেই স্বপ্নের পথে এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার দুই বোন সুপ্রিয়া সিনহা ও প্রিয়ন্তী সিনহা। প্রতিকূল বাস্তবতার মধ্যেও ছোট বোন প্রিয়ন্তী সিনহা বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে দেশের শিক্ষা খাতে অবদান রাখার স্বপ্ন লালন করছেন।
জানা গেছে, সুরেন্দ্র কুমার সিনহা ও সুশীলা রাণী সিনহা দম্পতির দুই মেয়েই শারীরিক প্রতিবন্ধী। পারিবারিক আর্থিক অস্বচ্ছলতার কারণে বড় বোন সুপ্রিয়া সিনহা নিজের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে না পারলেও ছোট বোন প্রিয়ন্তীর স্বপ্নপূরণে নিরলসভাবে অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
প্রিয়ন্তী সিনহা মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন এবং বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে অর্থাভাবে তার এই পথচলা নানা বাধার সম্মুখীন হচ্ছে।
এ অবস্থায় টিম জার্নালিস্টের উদ্যোগে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন এবং মরহুম ডিআইজি জালাল আহমদের পরিবার। তাদের সহযোগিতায় প্রিয়ন্তীর স্বপ্নপূরণের পথে নতুন আশার আলো তৈরি হয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, প্রিয়ন্তীদের বাবা একজন অবসরপ্রাপ্ত ভূমি অফিস সহকারী। বর্তমানে চার সদস্যের পরিবারটি সীমিত আয়ে জীবনযাপন করছে। নানা প্রতিকূলতার মধ্যেও দুই বোন শিক্ষা ও আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে অবিচল রয়েছেন।
প্রিয়ন্তীর লক্ষ্য বিসিএস শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সমাজে শিক্ষার প্রসারে কাজ করা। তার এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবান ব্যক্তি, দানশীল প্রতিষ্ঠান ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
জীবনের কঠিন বাস্তবতাকে অতিক্রম করে সুপ্রিয়া ও প্রিয়ন্তী সিনহার এগিয়ে চলার গল্প প্রমাণ করে, দৃঢ় মনোবল ও অধ্যবসায় থাকলে কোনো বাধাই স্বপ্নপূরণের পথে চূড়ান্ত প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াতে পারে না।