August 4, 2026, 12:05 pm

৩৬০ কেজি গাঁজাসহ পিকআপ জব্দ, চালক আটক

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৩৬০ কেজি গাঁজাসহ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনের অভিযোগে পিকআপের চালককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুটি মোবাইল ফোনও।

পুলিশ সূত্রে জানা যায়, কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিবের সার্বিক তত্ত্বাবধানে এবং কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদের নেতৃত্বে রোববার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে কদমতলী-সয়দাবাদ পাকা সড়কে একটি সন্দেহভাজন পিকআপ ভ্যান থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৩৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে পিকআপ চালক মো. শাকিল (৩০)কে আটক করা হয়। তিনি কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের কালতা দিঘীরপাড় এলাকার বাসিন্দা।

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে নেমে আরও ২ থেকে ৩ জন অজ্ঞাতনামা মাদক কারবারি পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত গাঁজা, মোবাইল ফোন ও পিকআপটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার