কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৬-২৭ মৌসুমে তুলা চাষের আবাদ বৃদ্ধি ও কৃষকদের উৎপাদনে উৎসাহিত করতে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে তুলা বীজ ও কৃষি উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সকালে দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে তুলা উন্নয়ন বোর্ড, কুষ্টিয়া জোনের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ রেজা আহমেদ বাচ্চু মোল্লা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনিন্দ্য গুহ। বিশেষ অতিথি ছিলেন তুলা উন্নয়ন বোর্ড, যশোর আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মোজাদ্দীদ আল শামীম এবং উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, কৃষির আধুনিকায়ন ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশে তুলা উৎপাদন বৃদ্ধি পেলে বস্ত্রশিল্পের কাঁচামালের চাহিদা পূরণে বৈদেশিক নির্ভরতা কমবে এবং কৃষকরা অধিক লাভবান হবেন।
উপ-পরিচালক মোজাদ্দীদ আল শামীম বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে তুলা চাষে ভালো ফলন অর্জন সম্ভব এবং কৃষকদের প্রয়োজনীয় কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।
উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভীন বলেন, দৌলতপুরের মাটি ও আবহাওয়া তুলা চাষের জন্য উপযোগী। বিনামূল্যে উন্নতমানের বীজ ও কৃষি উপকরণ বিতরণের ফলে কৃষকদের মধ্যে তুলা আবাদে আগ্রহ আরও বাড়বে।
সভাপতির বক্তব্যে ইউএনও অনিন্দ্য গুহ বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি সফল তুলা চাষ নিশ্চিত করতে সঠিক পরিচর্যা ও নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উন্নতমানের তুলা বীজ ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে দৌলতপুরে তুলা চাষের পরিধি বৃদ্ধি পাবে এবং দেশের বস্ত্রশিল্পের কাঁচামাল উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।