August 4, 2026, 9:00 am
শিরোনাম :

এবার অটোচালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই

জামাল উদ্দিন, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি:

নাটোরের নলডাঙ্গায় এক অটোচার্জার চালককে অজ্ঞান করে তার অটোরিকশা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২২ জুলাই) দুপুর আনুমানিক ২টার দিকে নলডাঙ্গা উপজেলার বিসমিল্লাহ ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী নাটোর সদর উপজেলার রহিমপুর বড় হরিশপুর এলাকার শাহ আলমের ছেলে মো. মাহাবুর রহমান শাকিল (২৪)। তিনি পেশায় একজন অটোচার্জার চালক।

ভুক্তভোগীর বাবা শাহ আলম জানান, নাটোর রেলস্টেশন থেকে দুইজন অজ্ঞাত ব্যক্তি যাত্রীবেশে শাকিলের অটোচার্জার ভাড়া করে নলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে তারা কৌশলে তাকে অজ্ঞান করে নলডাঙ্গার বিসমিল্লাহ ক্লিনিকের সামনে রাস্তার পাশে ফেলে রেখে অটোচার্জারটি নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় দোকানদাররা শাকিলকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করেন। পরে মাথায় পানি দিলে তার জ্ঞান ফিরে আসে। খবর পেয়ে নলডাঙ্গা থানার জরুরি অফিসার এসআই মোহাম্মদ শাহিন বাসারের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং ছিনতাই হওয়া অটোচার্জার উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার