August 4, 2026, 9:01 am
শিরোনাম :

অগ্নিকাণ্ডে ঘর পুড়ে ছাই, ১ কিমি হেঁটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আলামিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি:
Screenshot

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের পাল্লী এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একটি টিনশেড বসতঘর পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন আশপাশে ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায় এবং প্রায় ৪ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গত ১৫ জুলাই দুপুর ১২টা ৭ মিনিটে ময়নাল হোসেনের (৪৫) ২৫×১২ বর্গফুটের টিনশেড বসতঘরে আগুন লাগার খবর পায় ধামরাই ফায়ার স্টেশন। স্টেশন অফিসার আল আমীন খানের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়। প্রায় ১৭ কিলোমিটার পথ অতিক্রম করে ঘটনাস্থলের কাছে পৌঁছালেও সরু রাস্তার কারণে গাড়ি নিয়ে সেখানে যাওয়া সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে প্রায় এক কিলোমিটার পথ হেঁটে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

মাত্র ২০ মিনিটের চেষ্টায় দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হলেও ফায়ার সার্ভিসের সদস্যরা আনুমানিক চার লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। কোনো হতাহত বা আহতের ঘটনা ঘটেনি।

ধামরাই ফায়ার স্টেশনের কর্মকর্তারা জানান, গ্রামীণ এলাকার সড়কগুলো আরও প্রশস্ত হলে জরুরি পরিস্থিতিতে অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও দ্রুত পরিচালনা করা সম্ভব হবে। ফায়ার সার্ভিসের সাহসিকতা ও দ্রুত পদক্ষেপের জন্য স্থানীয়রা তাদের প্রশংসা করেছেন।



ফেসবুক কর্নার