August 4, 2026, 9:00 am
শিরোনাম :

বেগমগঞ্জে অবৈধ পলিথিন উৎপাদনে ৫০ হাজার টাকা জরিমানা

নুশরাত রুমু নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন উৎপাদনের দায়ে ইমরান নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানা থেকে ১১৫ কেজি উৎপাদিত নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার বিসিক শিল্পনগরীতে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে এ ব্যবস্থা নেওয়া হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিসিক শিল্পনগরীর ‘কেবি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং’ কারখানায় অভিযান চালানো হয়। এ সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা লঙ্ঘনের দায়ে আইনের ১৫(১) ধারায় ইমরানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে কারখানায় উৎপাদিত ১১৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয় এবং ভবিষ্যতে কারখানাটির কার্যক্রম বন্ধ রাখার অঙ্গীকারনামা নেওয়া হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক রায়হান মোর্শেদ এবং বেগমগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এএসআই) মো. খুরশীদসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে নিষিদ্ধ পলিথিন উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার