
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় মাদক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে দণ্ডপ্রাপ্তদের পঞ্চগড় জেলা কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতিয়ার রহমান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় জেলা পুলিশ সুপার মো. আবু সাইমের সার্বিক দিকনির্দেশনায় আটোয়ারী থানা পুলিশ উপজেলার পুরাতন আটোয়ারী এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মহেন চন্দ্রের ছেলে সুব্রত চন্দ্র (২৩), আলমগীরের ছেলে আরমান আলী (২২) এবং মৃত মজিব উদ্দিনের ছেলে লিয়াকত আলী (২৫)-এর কাছ থেকে মোট ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক বিক্রির অভিযোগে তাদের আটক করে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও আটোয়ারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটোয়ারী থানার ওসি মো. মতিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।