August 4, 2026, 9:00 am
শিরোনাম :

আলীকদমে মোবাইল কোর্টে ৫ ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা

সুভ্রত দে আলকীদম

বান্দরবানের আলীকদমে নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে ৫টি ফার্মেসিকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত উপজেলার ১নং সদর ইউনিয়নের আলীকদম চৌমুহনী মোড় ও বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানে কক্সবাজার ওষুধ প্রশাসন অধিদপ্তরের ড্রাগ সুপার কাজী মোহাম্মদ ফরহাদ এবং আলীকদম থানা পুলিশের এসআই আব্দুস ছালামের নেতৃত্বে একটি টিম সহযোগিতা করে।

অভিযানকালে ‘ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০ (খ/ঘ) ধারা অনুযায়ী চৌমুহনী মোড়ের আহমদিয়া মেডিকেল হলকে ২ হাজার টাকা, মেসার্স নোমান মেডিকোকে ১ হাজার ৫০০ টাকা, মেসার্স জসিম ফার্মেসিকে ১ হাজার টাকা, মেসার্স ইসলামিয়া ফার্মেসিকে ২ হাজার ৫০০ টাকা এবং বাস টার্মিনাল এলাকার মেসার্স মাতামুহুরি মেডিকোকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানার মোট ১৭ হাজার টাকা সংশ্লিষ্ট ফার্মেসির মালিকরা তাৎক্ষণিকভাবে পরিশোধ করেন। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এলাকার আরও ১০ থেকে ১২ জন ক্ষুদ্র ওষুধ ব্যবসায়ীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুর আলম জানান, জনস্বার্থে ও ওষুধের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের মনিটরিং ও মোবাইল কোর্ট ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে।

অভিযান চলাকালে আলীকদম থানা পুলিশ সার্বক্ষণিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।



ফেসবুক কর্নার