
জাতীয় দৈনিক অভয়নগর-এ সংবাদ প্রকাশের পর বাগেরহাটের সেই এইচএসসি পরীক্ষার্থী ইকনের পড়ালেখার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম ড. এহছানুল হক মিলন।
বুধবার (২২ জুলাই) রাতে শিক্ষামন্ত্রীর ব্যক্তিগত সহকারী (পিএস) ফারহান ইশতিয়াক ফোনে ইকনকে এ তথ্য জানান। এ সময় ইকনের বাসায় উপস্থিত ছিলেন সাংবাদিক রুহুল আমিন বাবু।
শিক্ষামন্ত্রীর পিএস জানান, পরীক্ষা চলাকালে যেন ইকনকে চাকরি করতে না হয়, সে জন্য শিক্ষামন্ত্রী দ্রুত আর্থিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন। এছাড়া এইচএসসি পরীক্ষা শেষে তার উচ্চশিক্ষার বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।
উল্লেখ্য, বাবার দাফন শেষে রাতেই কৃষি ব্যাংকের এটিএম বুথে দায়িত্ব পালন করে পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া ইকনের মানবিক সংগ্রামের খবর জাতীয় দৈনিক অভয়নগর-এ প্রকাশিত হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
জানা যায়, ইকনের বাবা ইসরাফিল দাড়িয়া হঠাৎ অসুস্থ হয়ে মারা যান। জীবিকার তাগিদে তিনি মোটরসাইকেল চালিয়ে সংসার চালাতেন। বর্তমানে ইকন তার মা ও মানসিক ভারসাম্যহীন এক ভাইকে নিয়ে বাগেরহাটে ভাড়া বাসায় বসবাস করছেন। কঠিন পারিবারিক পরিস্থিতির মধ্যেও রাতে এটিএম বুথে চাকরি করে সকালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার ঘটনাটি দেশজুড়ে সহমর্মিতা সৃষ্টি করেছে।