ম্যাজিক চুলায় রান্নার সময় বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু
ময়নুল ইসলাম
Update Time :
Friday, July 24, 2026
/
139 Time View
/
Share
পঞ্চগড় সদর উপজেলার চাকলা ইউনিয়নে ম্যাজিক চুলায় ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাসিমা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি ওই এলাকার শহিমের স্ত্রী।
শুক্রবার (২৪ জুলাই) সকালে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ে মাইশা আক্তার জানান, সকালে তিনি পড়াশোনা করছিলেন। এ সময় তার মা ম্যাজিক চুলায় ভাত রান্না করছিলেন। হঠাৎ একটি শব্দ শুনে রান্নাঘরে গিয়ে দেখেন, তার মা মেঝেতে অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে পরিবারের সদস্যদের সহায়তায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সৌরভ জানান, বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় এক নারীকে হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।