July 25, 2026, 8:45 pm

সবার জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

রাকিবুল ইসলাম রাকিব সিরাজগঞ্জ প্রতিনিধি

আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ধনী-গরিব নির্বিশেষে দেশের সব মানুষের কাছে একই মানের স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের যমুনা নদীতীরে ‘জামিরতা ভিশন সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নিজের দীর্ঘ চিকিৎসক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, “গত ৩০ বছর ধরে আমি চক্ষুসেবার সঙ্গে যুক্ত। আগে গ্রামে গ্রামে চক্ষু ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ছানি অপারেশন করা হতো। এখন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধনী-গরিব নির্বিশেষে সবার জন্য সমমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা কাজ করছি।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পুরোনো বন্দোবস্তে ফিরে যাওয়ার সুযোগ নেই। জনপ্রতিনিধিদের ক্ষমতার জন্য নয়, জনসেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। দায়িত্ব পালন শেষে সম্পদের বৃদ্ধি নয়, জনকল্যাণে অবদানই হবে তাদের পরিচয়।”
তরুণদের উদ্দেশে তিনি বলেন, “যারা পুরোনো ব্যবস্থায় ফিরে যেতে চায়, তারা বিভিন্নভাবে উসকানি দেওয়ার চেষ্টা করছে। আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে উগ্রপন্থার স্থান থাকবে না এবং নারী-পুরুষ সমঅধিকার ও যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে।”
প্রফেসর এম এ মতিন আই কেয়ার সিস্টেমের সাধারণ সম্পাদক আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, অরবিস ইন্টারন্যাশনালের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনীর আহমেদ এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীর সহধর্মিণী স্থপতি ফাহমিদা মুহিত।
অনুষ্ঠানে বক্তারা জানান, ‘জামিরতা ভিশন সেন্টার’-এর মাধ্যমে যমুনা তীরবর্তী প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষ আধুনিক প্রযুক্তির সহায়তায় দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ ও উন্নত চক্ষুসেবা পাবেন। এতে গ্রামীণ মানুষের বিশেষায়িত স্বাস্থ্যসেবা প্রাপ্তি আরও সহজ হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



ফেসবুক কর্নার