
ময়মনসিংহের ফুলপুর পৌর এলাকার বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মক্কা স্টোরকে ৫ হাজার টাকা এবং সাবিল মেশিনারিজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নষ্ট দই বিক্রির অভিযোগে আল সৌদিয়া হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ওপর দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা দোকানগুলোও সরিয়ে দেওয়া হয়।
অভিযানে ফুলপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম জানান, জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।