
সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক মাঠে আমাদের প্রজন্ম জিতে এলে সেটিই হবে বাংলাদেশের অর্জন।
সোমবার (২৭ জুলাই) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২০২৬ এর জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, তোমরা যদি নিজেদের গড়ে তুলতে পার, তবে বাংলাদেশ গড়ে তোলা যাবে। তোমাদের মধ্য থেকেই ভালো চিকিৎসক, প্রকৌশলী, ভালো খেলোয়াড় বের হবে। নিজেকে ছোট না ভেবে এগিয়ে যেতে হবে।
সমাপনীতে ফুটবল ইভেন্টের বালিকা বিভাগের ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল মাঠে বসেই দেখেন প্রধানমন্ত্রী। এরপর প্রামাণ্যচিত্র প্রদর্শন, নতুন কুঁড়ি স্পোর্টসের থিম সংয়ের সঙ্গে শিশুশিল্পীদের নৃত্য পরিবেশনা উপভোগ করেন সরকারপ্রধান।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। এতে আটটি ডিসিপ্লিনে অংশ নেয় দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ। এরপর জাতীয় পর্ব হয় ঢাকার বেশ কয়েকটি ভেন্যুতে।
আজ বালকদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে সিলেট। আর বালিকাদের ফাইনালে রাজশাহীকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর