
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে প্রচারিত হলেও তা সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, ২৬ জুলাই রাতে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। তিনি সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম নন।
স্টার নিউজ, দেশ রূপান্তর, ইত্তেফাক ও আজকের পত্রিকাসহ একাধিক মূলধারার গণমাধ্যমে প্রকাশিত ছবি ও তথ্য বিশ্লেষণ করে রিউমর স্ক্যানার জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে গাজী নজরুল ইসলামের কোনো মিল নেই। গাজী নজরুল ইসলামের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবির সঙ্গেও গ্রেপ্তার হওয়া ব্যক্তির চেহারার অমিল রয়েছে।
এছাড়া, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার ব্যক্তিকে সাবেক সংসদ সদস্য বলা হলেও অনুসন্ধানে জানা গেছে, তিনি কখনো সংসদ সদস্য ছিলেন না। তিনি ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত দুই মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রিউমর স্ক্যানার জানিয়েছে, তাই সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন—এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।