
খুলনা নগরীর দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে ইসমাইল (৪২) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ইসমাইল দক্ষিণ টুটপাড়া বড় খালপাড় এলাকায় অবস্থান করছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ইসমাইলের মাথায় গুলি করে। এছাড়া মৃত্যু নিশ্চিত করতে তার মাথায় ধারালো অস্ত্র দিয়েও আঘাত করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।
তিনি আরও জানান, নিহত ইসমাইলের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে।
নিহত ইসমাইল নগরীর বড় খালপাড় এলাকার শাজাহান ওরফে পাগলা শাজাহানের ছেলে।
পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।