August 2, 2026, 8:50 am

কুমিল্লায় প্রবাসী অপহরণচেষ্টা, গ্রেপ্তার ৫

Reporter Name

কুমিল্লার দেবিদ্বারে এক প্রবাসীকে অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবিদ্বার বাগুর বাসস্ট্যান্ড ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিল্লাল হোসেন (২৯) মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তিনি সৌদি প্রবাসী এবং ছুটিতে দেশে এসেছিলেন।
মামলা সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) বিকেলে বিল্লাল হোসেন বাদী হয়ে আটক পাঁচজনসহ অজ্ঞাত আরও ৬-৭ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
গ্রেপ্তাররা হলেন—মুরাদনগর উপজেলার দৈয়ারা গ্রামের ইউসুফ (২৯), জুয়েল রানা (২৫), দেবিদ্বার উপজেলার গাংচর গ্রামের তানভীর আহম্মেদ সরকার (২৫), দাউদকান্দী উপজেলার মাসুদ রানা (২৬) এবং আমির হামজা (২১)।
বিল্লাল হোসেন জানান, শ্বশুরবাড়ি থেকে ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে রাত দেড়টার দিকে বাগুর বাসস্ট্যান্ডে বাসের অপেক্ষায় ছিলেন। এ সময় একটি পাজেরো ও একটি মাইক্রোবাস থেকে ১০-১২ জন নেমে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে মারধর করে। হামলাকারীরা তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে এবং তার কাছে থাকা প্রায় ২ লাখ ৩১ হাজার ১২০ টাকা মূল্যের আইফোন ১৫ প্রো ম্যাক্স ও নগদ ৬৬ হাজার ১২০ টাকা ছিনিয়ে নেয়।
তিনি অভিযোগ করেন, অপহরণকারীরা ছুরি দিয়ে তার হাত-পায়ের রগ কাটার চেষ্টা করলে তিনি ধাক্কা দিয়ে গাড়ি থেকে বের হয়ে চিৎকার করেন। তার চিৎকারে স্থানীয় ফল ব্যবসায়ী ও পথচারীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং ধাওয়া করে পাঁচজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন। অন্যরা পাজেরো ও মাইক্রোবাসে পালিয়ে যায়।
আহত বিল্লালকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলায় আরও উল্লেখ করা হয়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ৩০ জুলাই বিল্লালের বাড়িতে হামলা, ভাঙচুর ও তার বাবা-মাকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছিল। সেই ঘটনার জের ধরেই প্রতিপক্ষ ভাড়াটে সন্ত্রাসী এনে তাকে অপহরণ ও হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়দের সহায়তায় পাঁচজনকে আটক করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার