
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হাডুডু (কাবাডি) খেলার হার-জিতকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার (১ আগস্ট) মাগরিবের নামাজের আগে উপজেলার চাপড়তলা ইউনিয়নের খান্দুরা সালাম বাজার সংলগ্ন খেলার মাঠে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বিকেলে নাসিরনগর উপজেলার ধরমন্ডল কাবাডি দল এবং পার্শ্ববর্তী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার শিমুলঘর গ্রামের কাবাডি দলের মধ্যে একটি প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময় শেষে ধরমন্ডল দল ৪-০ পয়েন্টে শিমুলঘর দলকে পরাজিত করে।
খেলার ফল মেনে নিতে না পেরে পরাজিত দলের খেলোয়াড় ও সমর্থকরা বিজয়ী দলের এক খেলোয়াড়কে আটকে রাখার চেষ্টা করেন। এতে ব্যর্থ হয়ে তারা ধরমন্ডল দলের দুই সদস্যের ওপর হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের বিপুলসংখ্যক সমর্থক মাঠে জড়ো হয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়েন।
একপর্যায়ে পরিস্থিতি রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুনরায় অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।হ