
নড়াইলের কালিয়া উপজেলার জোকারচর গ্রামে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা আরোজ আলী শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ আগস্ট) রাত ৮টার দিকে কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইদ্রিস আলীর নেতৃত্বে পরিচালিত অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের অংশ হিসেবে দিনভর পুলিশ সদস্যরা কৃষক, ভ্যানচালক, হকার ও মুদিদোকানির ছদ্মবেশে এলাকায় অবস্থান করে তথ্য সংগ্রহ করেন। পরে রাত হলে পরিকল্পিত অভিযান চালিয়ে আরোজ আলী শেখকে আটক করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত আরোজ আলী শেখের বিরুদ্ধে কালিয়া, নড়াইল সদর, খুলনার দিঘলিয়া ও গোপালগঞ্জ সদর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, সন্ত্রাস, অস্ত্র ও চুরির একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন নজরদারির পর গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি আন্তঃজেলা ডাকাত চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।