August 7, 2026, 2:20 pm
শিরোনাম :
নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ ‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান শেখ হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব আল হাসান চুরির সাক্ষী হওয়ায় শিশু রাজু হত্যা, দেড় দিন পর ধানখেত থেকে মরদেহ উদ্ধার; গ্রেপ্তার ২ জুলাইয়ের প্রত্যাশা পূরণে তৃণমূলের ক্ষমতার কেন্দ্রগুলোকে শুদ্ধ নেতৃত্বের আয়ত্তে নিতে হবে — পীর সাহেব চরমোনাই ৫ বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী অসুস্থ মিঠুন চক্রবর্তীকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী শুভেন্দু সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনায় ১৬ জনের মর্মান্তিক মৃত্যু: সিলেটে ৯ ও বগুড়ায় ৭ জন নিহত র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ আটক ২

‘গণমাধ্যম আজও স্বাধীন নয়’— ডা. শফিকুর রহমান

মিজানুর রহমান সাগর বাগেরহাট প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশ স্বাধীন হলেও গণমাধ্যম আজও স্বাধীন নয়। গণমাধ্যমকর্মীরা প্রকৃত স্বাধীনতা পেলেই রাজনৈতিক অঙ্গনে একটি সুন্দর পরিবেশ সৃষ্টি হবে।
শুক্রবার (৭ আগস্ট) বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ প্রসঙ্গে তিনি বলেন, অতীতের ঘটনাগুলোর জন্য দলটি এখনো জাতির কাছে দুঃখ প্রকাশ বা অনুশোচনা প্রকাশ করেনি। তাই কেবল রাজনৈতিক সমীকরণের কারণে তাদের রাজনীতিতে ফিরিয়ে আনা উচিত হবে না। তার ভাষ্য অনুযায়ী, দেশের রাজনীতিকে ধ্বংস, সন্ত্রাস, গুম, হত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের মধ্যে অনুশোচনা না থাকলে তাদের রাজনৈতিক কার্যক্রমে ফেরার প্রশ্ন ওঠে না।
সরকারের দায়িত্ব প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সরকারের দায়িত্ব। সরকার যত দক্ষতার সঙ্গে এ দায়িত্ব পালন করবে, দেশ তত সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে। সংসদে প্রয়োজনীয় বিষয়ে তারা সহযোগিতা করবেন এবং প্রয়োজন হলে গঠনমূলক বিরোধিতা অব্যাহত রাখবেন বলেও জানান।
জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামতকে সম্মান জানাতে হবে এবং কোনো অবস্থাতেই সেই রায়কে অবমূল্যায়ন করা যাবে না।
সংসদে বিরোধীদলের ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতীতের মতো সংঘাত, অশালীন আচরণ বা বিশৃঙ্খল সংসদ নয়; বরং একটি সভ্য, মর্যাদাপূর্ণ ও কার্যকর সংসদই দেশের মানুষের প্রত্যাশা। সে লক্ষ্যেই বিরোধীদল হিসেবে তারা দায়িত্ব পালন করবেন।
বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ এমপি, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ সময় বাগেরহাটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট কামিল মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত রুকন সম্মেলনে যোগ দেন। পরে তিনি ষাটগম্বুজ মসজিদে জুমার নামাজ আদায় করেন এবং সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ শেষে বিকেলে সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হন।



ফেসবুক কর্নার