
যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে একজন আসামিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৮ আগস্ট) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ৮১ বোতল ESKUF SYRUP (নেশাজাতীয়), ১০১টি শাড়ি, একটি কম্বল, ১৮ কেজি ফুসকা, ৪ কেজি জিরা, ৬৭টি চকলেট ও ১ হাজার ২৫০টি কসমেটিকস সামগ্রী আটক করা হয়। আটক পণ্যগুলোর আনুমানিক মূল্য ১৪ লাখ ২০ হাজার টাকা।
এ সময় মো. আমিনুল ইসলাম (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনার লবণচোরা থানার ছাচিবুনিয়া সুইচ গেইট এলাকার মো. মোশারফ মোল্লার ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল পাচার চক্রের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।